দিনাজপুরের চিরিরবন্দরে থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে চারজন মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
আজ সোমবার (৯ নভেম্বর ২০২৬) দুপুর আড়াইটার দিকে উপজেলার ০৬ নম্বর অমরপুর ইউনিয়নের সন্তোষপাড়া আদর্শ উন্নয়ন সংঘের সামনের রাস্তা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুরে চিরিরবন্দর থানার এসআই (নিঃ) নির্মাল্য সরকারের নেতৃত্বে পুলিশের একটি টিম অমরপুর ইউনিয়ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় সন্তোষপাড়া আদর্শ উন্নয়ন সংঘের সামনে থেকে টাপেন্টাডল ট্যাবলেট দখলে রাখা ও সেবন করার অপরাধে চার ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— মিঠুন রায় (২৫), পিতা- পোয়াতু রায়, সাং- রাজাপুর; আল আমিন (২১), পিতা- আশরাফুল, সাং- রাজাপুর তেলীপাড়া; হিরেন রায় (২৪), পিতা- হরিশ রায়, সাং- রাজাপুর এবং মুরাদ বিন হোসেন (৪৫), পিতা- মৃত মাহাতাব হোসেন, সাং- বাসুদেবপুর (সবাই চিরিরবন্দর থানা, দিনাজপুর)। এ সময় তাদের কাছ থেকে ২ পিস টাপেন্টাডল ট্যাবলেট, ১টি কাগজের তৈরি পাইপ, ১টি স্টিলের চামচ ও ১টি লাইটার উদ্ধার করা হয়।
ঘটনার পরপরই চিরিরবন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাবা শাহানা আফরোজকে বিষয়টি অবহিত করা হলে তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত দোষী সাব্যস্ত করে আসামি মিঠুন রায়, আল আমিন ও হিরেন রায়— এই তিনজনকে ১ বছর করে সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া অপর আসামি মুরাদ বিন হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুন-নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মাদকবিরোধী এমন বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন

মোঃ শরিফুল ইসলাম শাহ