কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আটটি সংস্থার সমন্বয়ে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) পরিচালিত এ অভিযানে পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি বিভিন্ন অপরাধে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে ১৬ এপিবিএন, জেলা পুলিশ, জেলা প্রশাসন, বিজিবি, কোস্টগার্ড, এসআরবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ব্যাটালিয়ন আনসারের ১৯৫ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন।
অভিযানে টেকনাফ থানার ২০২৫ সালের একটি চুরি ও চোরাই মালসংক্রান্ত মামলায় পরোয়ানাভুক্ত মো. কামাল হোসেন (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, ক্যাম্পের অভ্যন্তরে সরকারি জায়গা দখল করে ঘরবাড়ি ও দোকানপাট নির্মাণ, সরকারি নির্দেশ অমান্য এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে চারজনকে দণ্ডবিধির ১৮৮ ধারায় এক থেকে তিন মাস পর্যন্ত সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মোহাম্মদ ছব্বির (২৮) নামের আরেক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৬ এপিবিএনের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন
