চেক চুরি ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির হাওলাদারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (১১ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর জেলা জজ আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল হক শুনানি শেষে এ আদেশ দেন। বর্তমানে তিনি লক্ষ্মীপুর জেলা কারাগারে রয়েছেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী মো. ফিরোজ আলম।
মামলার এজাহার ও সংশ্লিষ্ট আইনজীবীদের দেওয়া তথ্য অনুযায়ী, মামলার ভুক্তভোগী মরিয়ম বেগম রায়পুর উপজেলার উদমদমারা গ্রামের বাসিন্দা। তিনি ইউসুফ আলীর স্ত্রী।
অভিযোগে বলা হয়েছে, আত্মীয়ের বাড়িতে দাওয়াতে গিয়ে মরিয়ম বেগমের ব্যাংক হিসাবের বিপরীতে ইস্যু করা একটি চেক নিয়ে যান অ্যাডভোকেট হুমায়ুন কবির হাওলাদার। পরে ওই চেকে ৩৬ লাখ ৮২ হাজার টাকা উল্লেখ করে মরিয়ম বেগমের স্বাক্ষর নকল করে অর্থ উত্তোলনের জন্য ব্যাংকে জমা দেওয়া হয় বলে মামলায় দাবি করা হয়েছে।
চেকের স্বাক্ষরে অসংগতি দেখতে পেয়ে ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি গ্রাহককে অবহিত করে। এরপর মরিয়ম বেগমের স্বামী ইউসুফ আলী বাদী হয়ে হুমায়ুন কবির হাওলাদার ও আব্দুস শহীদকে আসামি করে আদালতে মামলা করেন। মামলাটির নম্বর ৪৮১/২৫।
আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার। তদন্তের পাশাপাশি অপরাধ তদন্ত বিভাগের বৈজ্ঞানিক পরীক্ষায় চেকে থাকা স্বাক্ষর মরিয়ম বেগমের নয়, বরং হুমায়ুন কবির হাওলাদারের বলে প্রমাণ পাওয়া গেছে বলে মামলার সূত্রে জানা যায়।
তদন্তের পর আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে ১১ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন হুমায়ুন কবির হাওলাদার। উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পর আদালত তাঁর জামিন আবেদন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার অপর আসামি আব্দুস শহীদ এখনো পলাতক রয়েছেন।
শুনানিতে বাদীপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. ফিরোজ আলম। আসামিপক্ষে আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদারসহ জ্যেষ্ঠ আইনজীবী মো. হাসান ও মিজানুর রহমান মুন্সী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার জানান, বিষয়টি সমঝোতার মাধ্যমে নিষ্পত্তির উদ্যোগ নিতে আদালত তাঁকে দায়িত্ব দিয়েছিলেন। এ জন্য তাঁরা সাত দিনের সময় চেয়েছিলেন। তবে বাদীপক্ষ তাৎক্ষণিক প্রতিকার চাওয়ায় সমঝোতার উদ্যোগ আর এগোয়নি।
নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন
