ব্যবসায়িক মন্দা, ব্যাংক ঋণ এবং কারখানা বন্ধের মতো নানা সংকট নিয়ে বর্তমানে বেশ আলোচনার কেন্দ্রে রয়েছেন ঢাকাই সিনেমার অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল। এমন কঠিন পরিস্থিতিতে যারা তাদের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার স্ত্রী চিত্রনায়িকা বর্ষা। সেই সঙ্গে স্বামী-সন্তানসহ পুরো পরিবারের মঙ্গলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।
শুক্রবার (১৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে বর্ষা তার অনুভূতির কথা জানান। পোস্টে তিনি উল্লেখ করেন, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা, দোয়া এবং আন্তরিকতায় তারা সত্যিই অভিভূত। মানুষের এই সমর্থন তাদের মানসিক শক্তি ও সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
ব্যবসায়িক উত্থান-পতনকে জীবনের স্বাভাবিক নিয়ম হিসেবে অভিহিত করে বর্ষা লেখেন, ব্যবসা-বাণিজ্য বা পারিপার্শ্বিক অবস্থা সবসময় এক ধারায় চলে না। জীবনে সুসময়ের পাশাপাশি কখনো কখনো প্রতিকূল পরিস্থিতিরও মুখোমুখি হতে হয়, আর এটিই চিরন্তন বাস্তবতা। তবে মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখেই তারা এই সংকট কাটিয়ে উঠতে চান।
স্ট্যাটাসে দেশবাসী ও ভক্তদের মঙ্গল কামনা করে বর্ষা প্রার্থনা করেন, সৃষ্টিকর্তা যেন সবাইকে সুস্থ রাখেন, সবার রিজিকে বরকত দান করেন এবং দেশের প্রতিটি নাগরিককে শান্তিতে বসবাস করার তৌফিক দেন। পাশাপাশি নিজের, স্বামীর এবং সন্তানদের জন্য দোয়া চেয়ে তিনি লেখেন, আল্লাহ যেন তাদের সব ধরনের বিপদ-আপদ থেকে রক্ষা করেন, চলার পথ সহজ করে দেন এবং সবার সৎ আশাগুলো পূরণ করেন।
সবশেষে সবার প্রতি আবারও ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে নিজেদের জন্য দোয়া করার আহ্বান জানান এই চিত্রনায়িকা।
উল্লেখ্য, অনন্ত জলিলের প্রতিষ্ঠান এবি অ্যাপারেলস লিমিটেডের খেলাপি ঋণের ২২৬ কোটি ৭৫ লাখ টাকা আদায়ে সম্প্রতি আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। এছাড়া তার কয়েকটি কারখানা বন্ধ হয়ে যাওয়া এবং শ্রমিকদের ভবিষ্যৎ নিয়েও নানা আলোচনা চলছে। এমন আবহের মধ্যেই সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনন্ত জলিলের ফেসবুক পোস্টের পর এবার একই সুরে কৃতজ্ঞতা প্রকাশ করলেন বর্ষা।
নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন
