রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় এক বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
অভিযানে মোট ৪৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং রাজধানীর বিভিন্ন থানায় ৫১টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, মহানগরের বিভিন্ন বিভাগে একযোগে এই অভিযান চালানো হয়। এর মধ্যে সর্বোচ্চ ১১৬ জনকে গ্রেপ্তার করেছে মিরপুর বিভাগ। এছাড়া তেজগাঁও বিভাগে ৭৫ জন, মতিঝিল বিভাগে ৭০ জন, লালবাগ বিভাগে ৬৫ জন, ওয়ারী বিভাগে ৬০ জন, গুলশান বিভাগে ৩৫ জন, রমনা ও উত্তরা বিভাগে ২৬ জন করে, গোয়েন্দা বিভাগে (ডিবি) ২ জন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ ১ জনকে গ্রেপ্তার করে।
অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও অপরাধের আলামত জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন
