দিনাজপুরের বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের শ্রীপুর এলাকায় ছোট যমুনা নদীর ‘মিনি সুইজারল্যান্ড’ নামে পরিচিত স্থানে গোসল করতে নেমে আরিফ বাবু (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নদীর স্রোতের টানে পানিতে তলিয়ে যাওয়ার পর ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান বিরতির একপর্যায়ে স্থানীয় শ্রমিক মুজিবুর রহমান দুই দফা পানিতে ডুব দিয়ে তার মরদেহ উদ্ধার করেন। তাঁর এই সাহসিকতায় প্রশংসা করছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে বন্ধুদের সঙ্গে সাইকেল নিয়ে ওই স্থানে বেড়াতে আসে আরিফ বাবু। পরে গোসল করতে নদীতে নামলে দুপুর আনুমানিক দেড়টার দিকে নদীর স্রোতের টানে সে পানিতে তলিয়ে যায়।
নিহত আরিফ বাবু দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ি ডাঙ্গা গ্রামের মোঃ আয়নাল হক ও মোসাম্মৎ বেলি আরা দম্পতির ছেলে। সে খয়েরবাড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, ছোট যমুনা নদীর তীরে সদ্য নির্মিত বাঁধ, নদীর স্রোত এবং নদীর পশ্চিম ও উত্তর পাশের প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এলাকাটি অনেকের কাছে ‘মিনি সুইজারল্যান্ড’ নামে পরিচিতি পেয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিনিয়ত বিভিন্ন স্থান থেকে এখানে মানুষের সমাগম ঘটে।
ঘটনার পর বিরামপুর ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান শুরু করে। এ সময় বিরামপুর থানা পুলিশের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই স্থানে পানির গভীরতা প্রায় ১৫ ফুট। এ ছাড়া দীর্ঘদিন ধরে পানিতে পড়ে থাকা একটি বড় বটগাছ ও পানার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছিল।
একপর্যায়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান সাময়িকভাবে বিরতি দিলে স্থানীয়রা নিজেরাই খোঁজাখুঁজি চালিয়ে যান। এ সময় স্থানীয় শ্রমিক মুজিবুর রহমান সাহসিকতার সঙ্গে দুই দফা পানিতে ডুব দিয়ে আরিফ বাবুর মরদেহ উদ্ধার করেন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাঁর এই মানবিক উদ্যোগে এলাকায় প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন স্থানীয়রা।
বিরামপুর থানা পুলিশের এসআই এনামুল হক জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। দাফন-কাফনের জন্য মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, ‘মিনি সুইজারল্যান্ড’ নামে পরিচিত স্থানটিসহ নদীর তীরবর্তী পর্যটন ও বিনোদনকেন্দ্রগুলোতে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের মতে, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এসে যেন আর কোনো পরিবারকে এমন মর্মান্তিক ঘটনার মুখোমুখি হতে না হয়, সে জন্য ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন, নিরাপত্তাব্যবস্থা ও প্রয়োজনীয় নজরদারি জোরদার করা জরুরি।
স্থানীয়দের দাবি, পর্যটন ও বিনোদনকেন্দ্র গড়ে তোলার পাশাপাশি দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টিও সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কোনো
নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন
