মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ এবং দেশের চলমান পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি দাবি করেছেন, মাদকের বিরুদ্ধে ভালো উদ্দেশ্য নিয়ে কাজ করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কারণে ফাঁদে পড়েছেন ইশরাক হোসেন।
আজ সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "সমস্যাটা মূলত স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার। ইশরাক ভাই রাজনীতিতে নতুন এবং ওনার উদ্দেশ্য ভালো ছিল। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর ভুলের মাশুল দিতে হয়েছে তাকে। এটি স্পষ্টতই স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা, যার কারণে মাঝখান দিয়ে ইশরাক ভাই পরিস্থিতির শিকার বা ফাঁদে পড়ে গেলেন।"
সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপি নেতা বলেন, "সব নাগরিকের নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেওয়া হলেও মাঠপর্যায়ের চিত্র ভিন্ন। গত কয়েক মাসের তথ্যানুযায়ী দেশের বেশ কিছু জায়গায় ভাঙচুরের অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যা আইনশৃঙ্খলার দুর্বলতাকে নির্দেশ করে।"
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক একটি অনাকাঙ্ক্ষিত ইস্যুর প্রসঙ্গ টেনে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, "আমাদের এমন কোনো কাজ করা উচিত নয় যাতে অন্য কোনো ধর্মীয় সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত লাগে। যেকোনো ভুল বোঝাবুঝি দূর করতে সব পক্ষের একসঙ্গে বসে আলোচনার মাধ্যমে সমাধান করা প্রয়োজন।"
একই সাথে নিজের বক্তব্যকে ভিন্নভাবে না দেখার অনুরোধ জানিয়ে তিনি বলেন, সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য একে অপরের প্রতি শ্রদ্ধা এবং কার্যকর সংলাপের কোনো বিকল্প নেই।
নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন
