বরিশাল নগরীতে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার সকালে নগরীর বিএম কলেজ রোডের তালভিটা লেন এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার হওয়া দম্পতি হলেন— মো. নয়ন (২৫) এবং তার স্ত্রী মুক্তা আক্তার (২৯)। তারা নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের তালভিটা লেনের 'কাশেম মহল' নামক একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশালের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ খোরশিদ আলম জানান, সকালে ওই দম্পতির ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি ইনফিনিক্স স্মার্টফোন জব্দ করা হয়।
এই ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন
