আসন্ন শারদীয় দুর্গাপূজার ছুটিতে দর্শনার্থী ও যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে মেট্রোরেল চলাচলে বিশেষ সময়সূচি ঘোষণা করেছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী ২০, ২১, ২২ ও ২৪ অক্টোবর স্বাভাবিক নিয়মে ট্রেন চললেও ২৩ অক্টোবর (শুক্রবার) মেট্রোরেল চালু হবে বিকেল থেকে।
আজ সোমবার (১৯ অক্টোবর) ডিএমটিসিএলের অপারেশন বিভাগ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছুটির দিনগুলোতে যাত্রীদের চাহিদা বিবেচনা করে ১০ থেকে ২০ মিনিট পর পর ট্রেন চালানো হবে।
ডিএমটিসিএলের নতুন সূচি অনুযায়ী— ২০, ২১, ২২ ও ২৪ অক্টোবর উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে প্রথম ট্রেনটি ছেড়ে যাবে সকাল ৬টা ৩০ মিনিটে। অন্যদিকে, মতিঝিল থেকে উত্তরা উত্তরের উদ্দেশ্যে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে।
দিনভর যাত্রীদের ভিড় সামলাতে বেশিরভাগ সময় ১০ থেকে ১২ মিনিট পরপর ট্রেন চলাচল করবে। তবে রাতের দিকে যাত্রীচাহিদার ওপর ভিত্তি করে এই বিরতি বাড়িয়ে ১৫ থেকে ২০ মিনিট করা হতে পারে। এই চার দিন উভয় দিক মিলিয়ে প্রতিদিন ১৭১টি ট্রিপ পরিচালনা করা হবে।
২৩ অক্টোবর (শুক্রবার) সাপ্তাহিক ছুটির দিনে দুপুর পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। এদিন বিকেল ৩টা থেকে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী ট্রেন চলাচল শুরু হবে। আর মতিঝিল থেকে উত্তরা উত্তরের উদ্দেশ্যে ট্রেন ছাড়বে বিকেল ৩টা ২০ মিনিটে। শুক্রবার দুই দিক মিলিয়ে মোট ৮২টি ট্রিপ পরিচালিত হবে।
ডিএমটিসিএল জানিয়েছে, পূজার ছুটিতে উত্তরা উত্তর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম ও ডিপোতে দুটি অতিরিক্ত (স্পেয়ার) ট্রেন সবসময় প্রস্তুত রাখা হবে। কোনো স্টেশনে অতিরিক্ত যাত্রীচাপ তৈরি হলে তাৎক্ষণিকভাবে এই ট্রেনগুলো চালু করে চলাচলের বিরতি সমন্বয় করা হবে।
নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন
