জামালপুরের মেলান্দহে সাংবাদিক, পুলিশ ও প্রশাসনকে পেটানোর হুমকি দেওয়ার অভিযোগে আজমাইন হোসেন লাঞ্জু নামের এক ছাত্রদল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে মেলান্দহ পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত লাঞ্জু উপজেলার পূর্ব মালঞ্চ গ্রামের সুজা শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর মেলান্দহে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক তরুণীর অনশনের ঘটনা ঘটে। ওই ঘটনার গ্রাম্য সালিশে অর্থ লেনদেনের অভিযোগ ওঠে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া আহমেদ জুয়েলের বিরুদ্ধে। পরবর্তীতে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন জুয়েল।
এই ঘটনার সূত্র ধরে উপজেলা ছাত্রদলের একটি ফেসবুক মেসেঞ্জার গ্রুপে আজমাইন হোসেন লাঞ্জুর একটি অডিও বার্তা ছড়িয়ে পড়ে। অডিওতে তাকে বলতে শোনা যায়, "চলতি ক্ষমতায় বিএনপি—দুই-চারটা সাংবাদিক, দুই-চারটা পুলিশ-প্রশাসন যদি পিটাপিটি না করতে পারি ছাত্রদল হয়ে, তাহলে কী হলো? চলেন, জুয়েল ভাই যদি বলে, তাহলে সেই লেভেলের পিটুনি দেই সাংবাদিকরে..."।
এই কথোপকথনের স্ক্রিন রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা প্রশাসনের নজরে আসে এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম মাহমুদুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সাংবাদিক ও পুলিশ-প্রশাসনকে পেটানোর হুমকি দেওয়ার অভিযোগে লাঞ্জুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু দাবি করেছেন, গ্রেপ্তারকৃত লাঞ্জু ছাত্রদলের কোনো দলীয় পদে নেই।
নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন
