কক্সবাজার সদর ভূমি অফিসে খতিয়ান সৃজন, নথিপত্র হস্তান্তর, সেবাপ্রার্থীদের হয়রানি ও অবৈধ অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। অস্থায়ী কর্মচারী হিসেবে পরিচিত সাহাব উদ্দিনের বিরুদ্ধে এসব অভিযোগ উত্থাপন করা হয়েছে। অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।
উত্থাপিত অভিযোগের মধ্যে রয়েছে, জালিয়াতির মাধ্যমে খতিয়ান সৃজন, অফিসের বাইরে বালাম বহি হস্তান্তর, খতিয়ান করে দেওয়ার নামে সেবাপ্রার্থীদের হয়রানি এবং অবৈধভাবে অর্থ আদায়। অভিযুক্ত সাহাব উদ্দিন কে ফোন করা হলে,মোবাইল ফোন বন্ধ থাকায় এ বিষয়ে বক্তব্য পাওয়া যায়নি।
ভূমি অফিসে খতিয়ান ও জমির রেকর্ডসংক্রান্ত কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব কাজে অনিয়ম হলে সাধারণ মানুষ আর্থিক ক্ষতি, জমির মালিকানা নিয়ে জটিলতা এবং দীর্ঘদিনের ভোগান্তির শিকার হতে পারেন। তাই অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ অবস্থায় কক্সবাজার জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ভূমি কর্তৃপক্ষের কাছে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত, প্রয়োজনীয় নথিপত্র যাচাই এবং ঘটনার সত্যতা উদ্ঘাটনের দাবি উঠেছে। তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন
