বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ফয়সাল আহমেদ সজলের নেতৃত্বে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা জানানো হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তারা সমাধিস্থলে যান। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।
এর আগে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা সাড়ে ১১টায় সংগঠনের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি প্রার্থী ফয়সাল আহমেদ সজল বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং রাজনীতির মাধ্যমে যুবশক্তিকে কর্মশক্তিতে রূপান্তরের লক্ষ্য নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম যুবদল প্রতিষ্ঠা করেছিলেন। তিনি আরও বলেন, গত ১৭ বছর স্বৈরাচারবিরোধী আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান নেতা তারেক রহমানের নেতৃত্বে যুবদল রাজপথে সক্রিয় ছিল। ভবিষ্যতেও দেশ গঠন এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদল রাজপথে সক্রিয় ভূমিকা রাখবে।
ফয়সাল আহমেদ সজল বলেন, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গণতান্ত্রিক, বৈষম্যহীন ও ‘সবার জন্য বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে যুবসমাজকে সঙ্গে নিয়ে কাজ করে যাবে সংগঠনটি। ইনশাআল্লাহ, এই লক্ষ্য বাস্তবায়নে যুবদল প্রতিশ্রুতিবদ্ধ।
১৯৭৮ সালের ২৭ অক্টোবর বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেন। যুবশক্তিকে কর্মশক্তিতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে এই সংগঠনটির যাত্রা শুরু হয়।
নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন
