দেয়ালে স্লোগান লিখন: চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীদের দাবি ‘মজার ছলে’, তদন্তে প্রশাসন

দেয়ালে স্লোগান লিখন: চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীদের দাবি ‘মজার ছলে’, তদন্তে প্রশাসন

আপলোড সময় : ০৬-১১-২০২৬ ০৮:১৪:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১১-২০২৬ ০৮:১৪:৫৫ অপরাহ্ন
চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের গলির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’ সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান লেখার ঘটনায় অভিযুক্ত ছয় ছাত্রীর লিখিত বক্তব্য গ্রহণ করেছে স্কুল কর্তৃপক্ষ। জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে ছাত্রীরা দাবি করেছে, কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা প্রলোভনে পড়ে নয়, বরং কেবল ‘ইয়ার্কি’ বা মজার ছলে তারা দেয়ালে এসব কথা লিখেছিল। একই সঙ্গে তাদের পরিবার কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয় বলেও দাবি করে তারা। তবে বিদ্যালয় প্রশাসনের মতে, অভিযুক্ত ছাত্রীদের বডি ল্যাঙ্গুয়েজ বা শরীরী ভাষা পুরোপুরি নিরপরাধ ছিল না।
এর আগে গত ৫ নভেম্বর (বৃহস্পতিবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়ালে স্লোগান লেখার একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে। পরবর্তীতে স্কুলের সিসিটিভি ফুটেজ দেখে প্রাথমিকভাবে পঞ্চম ও সপ্তম শ্রেণির পাঁচ ছাত্রীকে শনাক্ত করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সপ্তম শ্রেণির আরও একজন এবং পুরো ঘটনার নেপথ্যে নির্দেশদাতা হিসেবে অষ্টম শ্রেণির এক ছাত্রীর নাম উঠে আসে।
গত ৬ নভেম্বর (শুক্রবার) বিদ্যালয় কর্তৃপক্ষের ডাকে অভিযুক্ত ছয় ছাত্রী ও তাদের অভিভাবকরা স্কুলে উপস্থিত হন। এ সময় জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি এম তারিক উজ্জামান এবং নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ফাহাদ চৌধুরী উপস্থিত থেকে ঘটনার বিবরণ শোনেন। জিজ্ঞাসাবাদ শেষে কর্মকর্তারা প্রধান শিক্ষক শেখ রেজাউল করিমসহ শিক্ষকদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আলামত হিসেবে স্থিরচিত্র সংগ্রহ করেন।
জিজ্ঞাসাবাদে ছাত্রীদের বয়স বিবেচনায় একজন দেয়ালে লেখার কথা স্বীকার করলেও বাকিরা একে নিছক কৌতুক হিসেবে দাবি করে। তবে জিজ্ঞাসাবাদের শেষ পর্যায়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী জানায়, ঘটনার সময় ক্যামেরার পেছনে দাঁড়িয়ে অষ্টম শ্রেণির এক ছাত্রী তাদের এই স্লোগানগুলো লেখার নির্দেশ দিচ্ছিল।
ছাত্রীদের এই দাবির সঙ্গে দ্বিমত পোষণ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম জানান, সিসিটিভি ফুটেজে ছাত্রীদের আচরণ স্বাভাবিক মনে হয়নি, বরং একজনকে বেশ উত্তেজিত অবস্থায় স্লোগান দেওয়ার ভঙ্গিতে দেখা গেছে। ঘটনার পেছনে থাকা অষ্টম শ্রেণির ওই ছাত্রীর প্রকৃত ভূমিকা খতিয়ে দেখতে শ্রেণি শিক্ষকের মাধ্যমে তার বক্তব্য নেওয়ার চেষ্টা চলছে। পুরো বিষয়টি পুলিশ ও জেলা প্রশাসন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, ছাত্রীদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মুচলেকা নেওয়া হয়নি, কেবল আত্মপক্ষ সমর্থনে তাদের লিখিত বক্তব্য নেওয়া হয়েছে। অষ্টম শ্রেণির ছাত্রীর বক্তব্য পাওয়ার পর পুরো ঘটনার একটি চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে। এরপর ডিসিপ্লিনারি কমিটির সুপারিশ ও প্রাতিষ্ঠানিক বিধিমালা অনুযায়ী পরবর্তী প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

















































সম্পাদকীয় :

চেয়ারম্যান: মোঃ শাহাদাত হোসাইন
ম্যানেজিং ডিরেক্টর: নাদিম মাহমুদ খান
হেড অব নিউজ: ইমাম হোসেন ( রনি)

অফিস :

হাউস #১৪, রোড #১৩, সেক্টর #১০, উত্তরা, ঢাকা–১২৩০, বাংলাদেশ।

Design & Development BY Nadim Technology