সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : প্রতি বছর শীতের শুরুতে জেলার হাওর উপজেলা মোহনগঞ্জ, খালিয়াজুরী, মদন ও আটপাড়া ও বারহাট্টা হাওরগুলোতে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখিরা আসতে শুরু করতো। নানা প্রজাতির অতিথি পাখির আগমনে মুখরিত হয়ে উঠতো এসব উপজেলার হাওর-বিলগুলো। অতিথি পাখিরা হাওরাঞ্চলের সৌন্দর্য যেমন বৃদ্ধি করতো, তেমনি তারা ভূমিকা রাখতো পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও। হঠাৎ করে গত বেশ কয়েক বছর যাবত আর দেখা মিলছে না এসব অতিথি পাখির। নিরাপদ আশ্রয় ও খাদ্য সংকট, নির্বিচারে পাখি নিধন, হাওরাঞ্চলের জীববৈচিত্র বিনষ্ট হওয়াসহ নানাবিধ বিষয়কে অতিথি পাখি না আসার কারণ বলছেন হাওরাঞ্চলের স্থানীয় সচেতন লোকজন ও পাখিপ্রেমীরা। হাওরাঞ্চলের স্থানীয়দের বরাতে জানা গেছে, অতিথি পাখিদের অভয়ারণ্য হিসেবে পরিচিত ছিল জেলার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওর, খালিয়াজুরী উপজেলার ছায়ার হাওর এবং মদন উপজেলার তলার হাওরসহ আরও বেশকিছু হাওর-বিল। এসব এলাকায় বিভিন্ন প্রজাতির বালি হাঁস, ল্যান্জা হাঁস, চখাচখি, পানকৌড়ি, ডাহুক, সরালী ও কাইম পাখিসহ অন্তত অর্ধশতাধিক প্রজাতির অতিথি পাখি আসতো। খাবারের সন্ধানে সুদূর সাইবেরিয়াসহ শীত প্রধান বিভিন্ন দেশ থেকে উড়ে আসতো এসব পাখি।