৬২ বছরে পদার্পণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৬২ বছরে পদার্পণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপলোড সময় : ২০-১১-২০২৬ ০১:৪০:১৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-১১-২০২৬ ০১:৪০:১৯ পূর্বাহ্ন
বিএনপি চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আজ তাঁর জীবনের ৬২তম বছরে পা রাখলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর জন্মদিনকে কেন্দ্র করে দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা দেখা যাচ্ছে।
শৈশব ও শিক্ষাজীবন
অত্যন্ত নিয়মানুবর্তী ও শৃঙ্খলাপরায়ণ বাবার আদর্শে বেড়ে ওঠায় তারেক রহমানের শৈশব ছিল খুবই সাধারণ ও অনাড়ম্বর। তিনি ঢাকার শাহীন স্কুল অ্যান্ড কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্নাতক পর্যায়ে ভর্তি হন। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি পড়াশোনার পাশাপাশি সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, হবস, লক, রুশো ও কার্ল মার্ক্সের মতো বিখ্যাত দার্শনিকদের রাষ্ট্রচিন্তা নিয়ে গভীর পড়াশোনা করেন। এই পাঠাভ্যাস তাঁর রাজনৈতিক দূরদর্শিতা গড়ে তুলতে বড় ভূমিকা রাখে।
রাজনৈতিক পথচলা ও সংগ্রাম
আশির দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় মা বেগম খালেদা জিয়ার আপসহীন ভূমিকা দেখে তিনি প্রত্যক্ষ রাজনীতিতে অনুপ্রাণিত হন। ১৯৮৮ সালে পৈতৃক নিবাস বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সদস্যপদ গ্রহণের মধ্য দিয়ে তাঁর আনুষ্ঠানিক রাজনৈতিক জীবন শুরু হয়। এরপর ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে মায়ের পাঁচটি নির্বাচনী এলাকার প্রচারণা দক্ষতার সঙ্গে পরিচালনা করে তিনি নিজের সাংগঠনিক সক্ষমতার পরিচয় দেন।
ওয়ান-ইলেভেনের সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় নানা নির্যাতন ও মামলার মুখোমুখি হয়েও তিনি নিজের রাজনৈতিক আদর্শে অটল ছিলেন। দীর্ঘ প্রায় দেড় যুগের আন্দোলনে প্রবাসে অবস্থান করেও তিনি দলকে ঐক্যবদ্ধ রাখেন। এ সময় রাষ্ট্র সংস্কারের রূপরেখা হিসেবে তাঁর ঘোষিত ‘৩১ দফা’ কর্মসূচি সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
স্বদেশ প্রত্যাবর্তন ও প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ
দীর্ঘ নির্বাসিত জীবনের ইতি টেনে গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফিরে আসেন তারেক রহমান। এরপর চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করেন। সেই সাথে তাঁর দল বিএনপিও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এরই ধারাবাহিকতায় গত ১৭ ফেব্রুয়ারি তিনি দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
প্রশাসনে মিতব্যয়িতা ও ৯ মাসের উল্লেখযোগ্য অর্জন

দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রচলিত ভিআইপি প্রটোকল পরিহার করে সাধারণ জীবনযাপনের নজির গড়েছেন প্রধানমন্ত্রী। যাতায়াতের সময় সীমিত গাড়িবহর রাখা, সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ না করা এবং সরকারি খরচে কঠোর কৃচ্ছ্রসাধনের মাধ্যমে তিনি জনবান্ধব প্রশাসনের দৃষ্টান্ত স্থাপন করেছেন।
অর্থনৈতিক স্থিতিশীল
 কঠোর নজরদারির কারণে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ৩৫ দশমিক ৭৩ শতাংশ থেকে কমে ৩২ দশমিক ৭৮ শতাংশে নেমে এসেছে। আগের সরকারের রেখে যাওয়া ঋণের চাপ সামলেও গত পাঁচ মাসে প্রায় ২ দশমিক ০৫ বিলিয়ন মার্কিন ডলার বিদেশি ঋণ পরিশোধ করা হয়েছে। এ ছাড়া তৈরি পোশাক রপ্তানিতে রেকর্ড প্রবৃদ্ধি অর্জিত হয়েছে এবং বিগত সাড়ে পাঁচ বছরের মধ্যে টাকার মান সবচেয়ে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে।
  • সামাজিক সুরক্ষা ও কৃষি:
  • নিম্ন আয়ের পরিবারগুলোর সহায়তায় মাসিক ২ হাজার ৫০০ টাকা ভাতার ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করা হয়েছে। পাশাপাশি প্রায় ১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ করা হয়েছে।
  • স্বাস্থ্য ও শিক্ষা: সাধারণ মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ‘হেলথ কার্ড’ চালু করা হয়েছে। শিক্ষা খাতে স্নাতক শ্রেণি পর্যন্ত ছাত্রীদের অবৈতনিক শিক্ষা, প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল, ফ্রি ওয়াই-ফাই সেবা এবং অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া পাওনা মেটাতে ২ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
  • ধর্মীয় সম্প্রীতি ও প্রবাসী কল্যাণ: ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের জন্য সম্মানী ভাতা চালু এবং প্রবাসীদের সেবা সহজ করতে ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্গাপূজা ও বুদ্ধপূর্ণিমায় বাড়তি ছুটি ও নিরাপত্তা জোরদার করে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে।
  • সংসদীয় গণতন্ত্র ও পরিবেশ: সংসদে জবাবদিহিতা নিশ্চিত করতে প্রথম অধিবেশনেই ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তির পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ছাড়া জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সারা দেশে খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করা হয়েছে।
  •  

সম্পাদকীয় :

চেয়ারম্যান: মোঃ শাহাদাত হোসাইন
ম্যানেজিং ডিরেক্টর: নাদিম মাহমুদ খান
হেড অব নিউজ: ইমাম হোসেন ( রনি)

অফিস :

হাউস #১৪, রোড #১৩, সেক্টর #১০, উত্তরা, ঢাকা–১২৩০, বাংলাদেশ।

Design & Development BY Nadim Technology