মিয়ানমার থেকে আরও ৪১ জেলে ফিরলেন, এ বছর সংখ্যা ৩২৩

মিয়ানমার থেকে আরও ৪১ জেলে ফিরলেন, এ বছর সংখ্যা ৩২৩

আপলোড সময় : ২৬-১১-২০২৬ ০৯:৩৩:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১১-২০২৬ ০৯:৩৩:৩৫ অপরাহ্ন

মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক আরও ৪১ বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বিজিবি। এ নিয়ে চলতি বছর সংস্থাটির উদ্যোগে মিয়ানমার থেকে দেশে ফিরলেন মোট ৩২৩ জন জেলে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নাফ নদীর শূন্যরেখা থেকে জেলেদের গ্রহণ করে টেকনাফ জেটিঘাটে নিয়ে আসে বিজিবির একটি প্রতিনিধিদল। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজিবি জানায়, বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময়ে অনিচ্ছাকৃতভাবে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করায় এসব জেলেকে আটক করা হয়। পরে তাঁদের মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির নিয়ন্ত্রিত স্থানে অথবা কারাগারে রাখা হয়েছিল।

আটক জেলেদের দেশে ফেরাতে বিজিবি মানবিক উদ্যোগের অংশ হিসেবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় সর্বশেষ ৪১ জনকে ফেরত আনা হয়েছে।

ফেরত আসা জেলেদের পরিচয় যাচাই চলছে। স্থানীয় উপজেলা প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে যাচাই শেষে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

২ বিজিবির অধিনায়ক বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনগণের জীবন ও সম্পদের সুরক্ষায় বিজিবি দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। আটক জেলেদের দেশে ফিরিয়ে আনতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
 

সম্পাদকীয় :

চেয়ারম্যান: মোঃ শাহাদাত হোসাইন
ম্যানেজিং ডিরেক্টর: নাদিম মাহমুদ খান
হেড অব নিউজ: ইমাম হোসেন ( রনি)

অফিস :

হাউস #১৪, রোড #১৩, সেক্টর #১০, উত্তরা, ঢাকা–১২৩০, বাংলাদেশ।

Design & Development BY Nadim Technology