শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখতে কঠোর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখতে কঠোর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

আপলোড সময় : ১৪-১০-২০২৬ ০২:০৮:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১০-২০২৬ ০২:০৮:৫২ অপরাহ্ন
তরুণ ও ছাত্রসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং এর আশপাশের এলাকা সম্পূর্ণ মাদকমুক্ত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই লক্ষ্য অর্জনে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি মাদকের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ (জিরো টলারেন্স) নীতি অনুসরণের আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) সকালে বঙ্গভবনে উত্তরা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখার নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎকার পর্বে উত্তরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমের বিভিন্ন দিক রাষ্ট্রপতিকে অবহিত করেন উপাচার্য। এ সময় প্রতিনিধিদলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধা, সীমাবদ্ধতা ও বিদ্যমান সমস্যাগুলোর কথা তুলে ধরলে রাষ্ট্রপতি গভীর মনোযোগ দিয়ে তা শোনেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় আশ্বাস দেন।
এদিকে বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে আচার্য (চ্যান্সেলর) হিসেবে অংশ নেওয়ার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা। রাষ্ট্রপতি সানন্দে এই আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার বিষয়ে প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন।
বঙ্গভবনে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবসহ উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা, সহকারী অধ্যাপক এবং ট্রাস্টি বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

চেয়ারম্যান: মোঃ শাহাদাত হোসাইন
ম্যানেজিং ডিরেক্টর: নাদিম মাহমুদ খান
হেড অব নিউজ: ইমাম হোসেন ( রনি)

অফিস :

হাউস #১৪, রোড #১৩, সেক্টর #১০, উত্তরা, ঢাকা–১২৩০, বাংলাদেশ।

Design & Development BY Nadim Technology