‘গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়’: রুমিন ফারহানা

‘গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়’: রুমিন ফারহানা

আপলোড সময় : ১৭-১০-২০২৬ ১১:০৮:৩৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-১০-২০২৬ ১১:০৮:৩৪ পূর্বাহ্ন
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি অভিযোগ করে বলেছেন, "বাংলাদেশের বর্তমান অবস্থা এমন হয়েছে যে, এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়। চাঁদা না দিলে খামারের মাছের খাবারে বিষ মিশিয়ে দেওয়া হচ্ছে।"
গতকাল শুক্রবার সন্ধ্যায় সরাইল উপজেলার প্রত্যন্ত পাকশিমুল ইউনিয়নের জয়দরকান্দি গ্রামের ১ ও ২ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নিজের নির্বাচনী এলাকায় যেকোনো ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে রুমিন ফারহানা বলেন, "আমার এলাকায় চাঁদাবাজি হলে আমি কাউকে চিনি না। আমি নিজেই তার বিরুদ্ধে রাজপথে দাঁড়াব। ডান পাশে বালুচোর আর বাম পাশে মামলাবাজ নিয়ে আমি রাজনীতি করতে চাই না।"
রাজনীতি ও জনসেবায় স্বজনপ্রীতির কোনো স্থান নেই উল্লেখ করে এই আইনপ্রণেতা বলেন, "আমার এমন কোনো আত্মীয় নেই, যাকে সারের ডিলারশিপ দিতে হবে। আমার কোনো আত্মীয় নেই, যাকে রাস্তার কাজের ঠিকাদারি দিতে হবে কিংবা যার কারণে আপনাদের চাঁদা দিয়ে ব্যবসা করতে হবে।"
নিজের দলীয় নেতাকর্মী বা কর্মীদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা সরাসরি জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, "আমার কোনো কর্মীর বিষয়ে যেকোনো অভিযোগ থাকলে নাম-পরিচয় গোপন রেখে লিখিতভাবে আমাকে জানাবেন। আপনাদের পরিচয় প্রকাশ করা হবে না। কিন্তু সেই কর্মীর বিরুদ্ধে আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কোনো কর্মী ভোটারের সঙ্গে বেয়াদবি করলে ছাড় দেওয়া হবে না।"
দেশের বর্তমান বাজার পরিস্থিতি ও সাধারণ মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, "জনগণ দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছে একটি জনবান্ধব সরকারের আশায়; যারা বিদ্যুৎ ও গ্যাসের সমস্যার সমাধান করবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাবে এবং জিনিসপত্রের দাম নাগালের মধ্যে রাখবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, বর্তমানে বাজারে ৮০-৯০ টাকা কেজির নিচে কোনো সবজি নেই। ঢাকা শহরে একটি ডিমের দাম ১৫ টাকা। এই অবস্থায় গরিব মানুষ কী খেয়ে বাঁচবে?"

 

সম্পাদকীয় :

চেয়ারম্যান: মোঃ শাহাদাত হোসাইন
ম্যানেজিং ডিরেক্টর: নাদিম মাহমুদ খান
হেড অব নিউজ: ইমাম হোসেন ( রনি)

অফিস :

হাউস #১৪, রোড #১৩, সেক্টর #১০, উত্তরা, ঢাকা–১২৩০, বাংলাদেশ।

Design & Development BY Nadim Technology