বিয়ের দাওয়াত না পেয়ে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা, আনন্দবাড়িতে রক্তক্ষয়ী ট্র্যাজেডি

বিয়ের দাওয়াত না পেয়ে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা, আনন্দবাড়িতে রক্তক্ষয়ী ট্র্যাজেডি

আপলোড সময় : ১৭-১০-২০২৬ ০৯:২১:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১০-২০২৬ ০৯:২১:২১ অপরাহ্ন
ছোট বোনের বিয়ের আনন্দঘন মুহূর্ত যে এভাবে এক রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো ভাবেনি সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার লুদরপুর গ্রামবাসী। বিয়ের দাওয়াত সময়মতো না পাওয়ার সামান্য ‘জিদ’ আর ‘অভিমানের’ মাশুল দিতে হলো নিজের জীবন দিয়ে। আপন চাচাতো ভাইদের ধারালো অস্ত্রের নির্মম আঘাতে খুন হয়েছেন বড় ভাই নাজিম উদ্দিন (৪৫)।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে জগন্নাথপুর পৌরসভার লুদরপুর এলাকায় এই চাঞ্চল্যকর ও বিয়োগান্তক ঘটনাটি ঘটে। নিহত নাজিম উদ্দিন ওই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার অত্যন্ত ধুমধামের সাথে সম্পন্ন হয় নাজিম উদ্দিনের ছোট বোনের বিয়ে। তবে পারিবারিক কোনো কারণে বিয়ের মূল অনুষ্ঠানে চাচাতো ভাই মাসুম মিয়ার পরিবারকে আমন্ত্রণ জানানো সম্ভব হয়নি। এতে ক্ষোভে-অপমানে ফুঁসতে থাকে মাসুমের পরিবার।
পারিবারিক এই ভুল বোঝাবুঝি দূর করতে শনিবার সকালে চাচাতো ভাই মাসুমের বাড়িতে যান নাজিম উদ্দিন। তিনি আশা করেছিলেন, কথা বলে মান-অভিমান মিটিয়ে ফেলবেন। কিন্তু সেখানে পৌঁছানোর পর দাওয়াত দেওয়া নিয়ে উভয় পক্ষের মধ্যে তীব্র কথা কাটাকাটি শুরু হয়।
বিতণ্ডার একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাসুম ও তার ভাইয়েরা দেশীয় ধারালো অস্ত্র (দা-ছুরি) নিয়ে নাজিম উদ্দিনের ওপর চড়াও হয়। তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে ফেলে রেখে ঘাতকরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন ও স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় নাজিমকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় কান্নায় ভেঙে পড়ে নিহতের আরেক চাচাতো ভাই সালেহ আহমদ বলেন, "শুধুমাত্র বিয়ের দাওয়াত না দেওয়ার ক্ষোভ থেকে মাসুমের নেতৃত্বে আমার ভাইকে এভাবে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হলো।"
খবর পেয়ে জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুকের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত হাসপাতালে পৌঁছায়। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
জগন্নাথপুর থানা পুলিশ জানিয়েছে, সামান্য একটি বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট রহস্য উদঘাটন এবং প্রধান অভিযুক্ত মাসুমসহ ঘটনার সাথে জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। এই ঘটনায় এলাকায় গভীর শোক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সম্পাদকীয় :

চেয়ারম্যান: মোঃ শাহাদাত হোসাইন
ম্যানেজিং ডিরেক্টর: নাদিম মাহমুদ খান
হেড অব নিউজ: ইমাম হোসেন ( রনি)

অফিস :

হাউস #১৪, রোড #১৩, সেক্টর #১০, উত্তরা, ঢাকা–১২৩০, বাংলাদেশ।

Design & Development BY Nadim Technology