মাটিরাঙ্গায় ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৪, অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার

মাটিরাঙ্গায় ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৪, অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার

আপলোড সময় : ১৯-১০-২০২৬ ০৮:৫৪:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১০-২০২৬ ০৮:৫৪:৫১ অপরাহ্ন
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গরু ব্যবসায়ীদের মারধর করে ২০ লাখ ২০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় সংঘবদ্ধ ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত ৪টি মোটরসাইকেল, ৬টি মোবাইল ফোন, ২টি চাকু এবং নগদ ৫৯ হাজার টাকা জব্দ করা হয়।
আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুরে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহেদ উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল রবিবার বিকেল থেকে রাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— বেলছড়ি আমবাগান এলাকার মো: আলী হোসেন (২৪), ইউসুফ মিয়া প্রকাশ নয়ন (২৬), খোদাছড়া খালেক লিডার পাড়ার মো: আবু মুছা (২৭) এবং মাটিরাঙ্গা পৌরসভার পলাশপুর এলাকার নোমান ইসলাম রাব্বি (১৯)।
পুলিশ জানায়, চট্টগ্রামের ভূজপুর বাগানবাজার এলাকার গরু ব্যবসায়ী আবু আহম্মদ মঞ্জু ও তাঁর ছেলে মো: কামরুল হাসান হৃদয় গত ১২ অক্টোবর সকালে মোটরসাইকেলে করে রামগড় সীমান্ত সড়ক হয়ে মাটিরাঙ্গার তাইন্দং বাজারে যাচ্ছিলেন। পথে সদর ইউনিয়নের চালিতাছড়া এলাকার ‘শয়তানের টিলা’ নামক স্থানে পৌঁছালে একদল ডাকাত তাঁদের গতিরোধ করে। ডাকাতেরা বাবা-ছেলেকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে এবং তাঁদের কাছে থাকা ২০ লাখ ২০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় অজ্ঞাতনামা ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার পর তদন্তে নেমে মাত্র ৭ দিনের মাথায় ঘটনার সঙ্গে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
মাটিরাঙ্গা থানার ওসি সাহেদ উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

চেয়ারম্যান: মোঃ শাহাদাত হোসাইন
ম্যানেজিং ডিরেক্টর: নাদিম মাহমুদ খান
হেড অব নিউজ: ইমাম হোসেন ( রনি)

অফিস :

হাউস #১৪, রোড #১৩, সেক্টর #১০, উত্তরা, ঢাকা–১২৩০, বাংলাদেশ।

Design & Development BY Nadim Technology