বোরকা পরে বোমা বিস্ফোরণ ও হামলা: মাদারীপুরে গণপিটুনিতে যুবক নিহত, আহত ৪

বোরকা পরে বোমা বিস্ফোরণ ও হামলা: মাদারীপুরে গণপিটুনিতে যুবক নিহত, আহত ৪

আপলোড সময় : ২২-১০-২০২৬ ০৬:৪১:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১০-২০২৬ ০৬:৪১:২৯ অপরাহ্ন
মাদারীপুরের কালকিনি উপজেলায় বোরকা পরে এসে বোমা বিস্ফোরণ ও ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় লোকজনের ধাওয়া ও গণপিটুনিতে তাইজুল সরদার (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। হামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ আরও চারজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে। নিহত তাইজুল মাদারীপুর সদর উপজেলার কুলপদ্দি এলাকার রুস্তম সরদারের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি আলীনগর ইউনিয়নের মানিক সরদার হত্যা মামলার আসামি ছিলেন। 

স্থানিয় সূত্রে জানা গেছে, সকালে কালিগঞ্জ বাজারের একটি চায়ের দোকানের সামনে একটি অটোরিকশা এসে থামে। গাড়িটি থেকে বোরকা পরিহিত চার যুবক নেমে পরপর তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। বোমার ধোঁয়ায় চারপাশ অন্ধকার হয়ে গেলে তারা ধারালো অস্ত্র নিয়ে বাজারে বসে থাকা সাবেক ইউপি চেয়ারম্যান মিলন সরদার, মহাসিন চৌকিদার ও জহির চৌকিদারের ওপর হামলা চালায়।

হামলার পর বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন সাহসিকতার সাথে হামলাকারীদের ধাওয়া করে। এ সময় তিনজন পালিয়ে যেতে সক্ষম হলেও তাইজুল সরদারকে আটকে গণপিটুনি দেয় জনতা। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হামলায় আহতদের মধ্যে মহাসিন চৌকিদার ও জহির চৌকিদার আপন দুই ভাই। তাদের অবস্থা অত্যন্ত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে জহিরের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বোরকা পরিহিত চারজন অতর্কিত এই হামলা চালায়। হামলাকারীদের মধ্যে ইতিমধ্যে নিহত তাইজুলসহ সাইফুল ও আলামিন নামের তিনজনকে শনাক্ত করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। তবে এর পেছনে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত বাকিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

সম্পাদকীয় :

চেয়ারম্যান: মোঃ শাহাদাত হোসাইন
ম্যানেজিং ডিরেক্টর: নাদিম মাহমুদ খান
হেড অব নিউজ: ইমাম হোসেন ( রনি)

অফিস :

হাউস #১৪, রোড #১৩, সেক্টর #১০, উত্তরা, ঢাকা–১২৩০, বাংলাদেশ।

Design & Development BY Nadim Technology