পিএইচপি ত্রুটির কারণে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িক বন্ধ, সাইবার ঝুঁকির সতর্কতা

পিএইচপি ত্রুটির কারণে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িক বন্ধ, সাইবার ঝুঁকির সতর্কতা

আপলোড সময় : ২২-১০-২০২৬ ০৯:২৫:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১০-২০২৬ ০৯:২৫:৪০ অপরাহ্ন
পিএইচপি (PHP) প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটিকে কেন্দ্র করে দেশজুড়ে সাইবার ঝুঁকির সতর্কতার মধ্যে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। আজ বৃহস্পতিবার ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে ব্যবহারকারীরা একটি রক্ষণাবেক্ষণসংক্রান্ত (Maintenance) বার্তা দেখতে পান।
কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটটি কোনো সরাসরি সাইবার হামলার শিকার হয়েছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে জানিয়েছেন, জরুরি নিরাপত্তা সমস্যার কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওয়েবসাইটটি বন্ধ রাখা হয়েছে। পুরো সুরক্ষাব্যবস্থা পর্যালোচনা ও প্রয়োজনীয় নিরাপত্তা হালনাগাদ নিশ্চিত করার পর এটি পুনরায় চালু করা হবে। তবে ঠিক কখন সাইটটি সচল হবে, সেই সুনির্দিষ্ট সময়সীমা জানাননি তিনি।
সম্প্রতি তথ্যপ্রযুক্তি বিশ্বে ‘PHP2Shell’ নামে পরিচিত দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হয়েছে, যার বৈশ্বিক কোড CVE-2026-109618 এবং CVE-2026-109619। সাইবার বিশেষজ্ঞদের মতে, এই ত্রুটির সুযোগ নিয়ে হ্যাকাররা দূর থেকে অনুমতি ছাড়াই সার্ভারে ক্ষতিকর কোড চালাতে পারে এবং সংবেদনশীল তথ্যের নাগাল পেয়ে যেতে পারে।
পরিস্থিতি বিবেচনায় গত ২১ অক্টোবর পিএইচপি কর্তৃপক্ষ এই ত্রুটি সংশোধনের জন্য একটি জরুরি নিরাপত্তা আপডেট প্রকাশ করেছে। একই সাথে পিএইচপি ব্যবহারকারী সকল প্রতিষ্ঠানকে তাদের ব্যবহৃত সংস্করণ দ্রুত যাচাই করে আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা অবশ্য জানিয়েছেন, পিএইচপি ব্যবহার করলেই কোনো ওয়েবসাইট আক্রান্ত হবে—এমন নয়; এই ঝুঁকি মূলত নির্ভর করে ব্যবহৃত সংস্করণ এবং সার্ভারের কনফিগারেশনের ওপর।
এদিকে মূল ওয়েবসাইটটি সাময়িকভাবে বন্ধ থাকায় কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন তথ্য ও জরুরি অনলাইন সেবা ব্যবহার করতে গিয়ে সাধারণ মানুষ ও অংশীজনদের সাময়িক অসুবিধা হচ্ছে। কর্তৃপক্ষ দ্রুততম সময়ের মধ্যে সেবাটি চালুর জন্য কাজ করে যাচ্ছে।

সম্পাদকীয় :

চেয়ারম্যান: মোঃ শাহাদাত হোসাইন
ম্যানেজিং ডিরেক্টর: নাদিম মাহমুদ খান
হেড অব নিউজ: ইমাম হোসেন ( রনি)

অফিস :

হাউস #১৪, রোড #১৩, সেক্টর #১০, উত্তরা, ঢাকা–১২৩০, বাংলাদেশ।

Design & Development BY Nadim Technology