তেরখাদায় ওয়ার্ড যুবদল সভাপতিকে পেছন থেকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

তেরখাদায় ওয়ার্ড যুবদল সভাপতিকে পেছন থেকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

আপলোড সময় : ২৪-১০-২০২৬ ০১:৫১:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১০-২০২৬ ০১:৫১:০৪ অপরাহ্ন
খুলনা জেলার তেরখাদা উপজেলায় এক ওয়ার্ড যুবদল নেতাকে গুলি করে গুরুতর আহত করেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। আহত নেতার নাম রামীম বিশ্বাস (৩২)। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বেলা আনুমানিক সোয়া ১১টার দিকে তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের আয়নাল মোল্লার বাড়ির সামনে এই নৃশংস হামলার ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী রামীম বিশ্বাস তেরখাদার ৬নং মধুপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি। তিনি ওই এলাকার হাবিবুর রহমানের ছেলে। আজ বেলা সোয়া ১১টার দিকে তিনি মধুপুর ইউনিয়নের আয়নাল মোল্লার বাড়ির সামনে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে চড়ে আসা কয়েকজন দুর্বৃত্ত পেছন থেকে আচমকা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি সরাসরি তার পাঁজরে বিদ্ধ হলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। এরপরই হামলাকারীরা দ্রুত মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে রামীম বিশ্বাসকে উদ্ধার করেন। পরে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, যুবদল নেতার পাঁজরে গুলি লাগায় তার অবস্থা গুরুতর। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবর পাওয়ার পরপরই তেরখাদা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ পরিদর্শনের পাশাপাশি হামলাকারীদের শনাক্ত করতে ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।
এই বিষয়ে খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবির সিদ্দিক শুভ্র জানান, ঘটনাটি জানার পর থেকেই পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে। হামলার প্রকৃত রহস্য উদঘাটন এবং এর সাথে জড়িত অপরাধীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।
তিনি আরও জানান, ওই এলাকায় যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য বিশেষ পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদকীয় :

চেয়ারম্যান: মোঃ শাহাদাত হোসাইন
ম্যানেজিং ডিরেক্টর: নাদিম মাহমুদ খান
হেড অব নিউজ: ইমাম হোসেন ( রনি)

অফিস :

হাউস #১৪, রোড #১৩, সেক্টর #১০, উত্তরা, ঢাকা–১২৩০, বাংলাদেশ।

Design & Development BY Nadim Technology