গুলিস্তানে ডিএসসিসির বড় অভিযান: শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

গুলিস্তানে ডিএসসিসির বড় অভিযান: শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

আপলোড সময় : ২৮-১০-২০২৬ ০৬:৫১:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১০-২০২৬ ০৬:৫১:২৯ অপরাহ্ন
রাজধানী ঢাকার প্রধান সড়ক ও ফুটপাত পথচারীদের চলাচলের উপযোগী এবং দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। আজ বুধবার সকালে রাজধানীর গুলিস্তানের ঢাকা ট্রেড সেন্টার এবং ফুলবাড়িয়া সুপারমার্কেট সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ফুটপাতে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান ও অবকাঠামো গুঁড়িয়ে দিয়ে মালামাল জব্দ করা হয়েছে।
ডিএসসিসির চারজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শতাধিক উচ্ছেদ কর্মী এবং পুলিশের একটি বড় দল এই অভিযানে অংশ নেন। সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলা এই অভিযানে ভারী পে-লোডার ও বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।
অভিযানস্থল সরাসরি পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, "জনসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে রাস্তা ও ফুটপাত পরিষ্কার রাখার এই অভিযান সিটি কর্পোরেশনের নিয়মিত কার্যক্রমের অংশ। হকারদের পুনর্বাসনের জন্য নির্দিষ্ট কিছু ফুটপাত, নৈশকালীন বাজার এবং হলিডে মার্কেট নির্ধারণ করা আছে, তারা কেবল সেখানেই ব্যবসা করতে পারবেন। বিশেষ করে গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত মূল সড়কে কোনো অবস্থাতেই কোনো হকার বসতে দেওয়া হবে না।"
হকারদের বারবার সতর্ক করার বিষয়টি উল্লেখ করে প্রশাসক আরও বলেন, "আমরা হকার নেতাদের সাথে একাধিক বৈঠক করেছি এবং বিভিন্ন মাধ্যমে তাদের সতর্ক করেছি। কিন্তু উচ্ছেদের পর তারা আবারও ফুটপাত দখল করে বসে। তাই এখন থেকে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া ছাড়া আমাদের উপায় নেই। নিয়ম অমান্য করলে মালামাল জব্দের পাশাপাশি প্রয়োজনে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।" পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এই দখলমুক্তকরণ অভিযান সামনেও চলমান থাকবে বলে তিনি জানান।
আজকের এই যৌথ উচ্ছেদ অভিযানটি পরিচালনা করেন ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম, প্রধান রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবীর সোহাগ, সম্পত্তি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাছিবা খান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) মোঃ আমিনুল ইসলাম।

সম্পাদকীয় :

চেয়ারম্যান: মোঃ শাহাদাত হোসাইন
ম্যানেজিং ডিরেক্টর: নাদিম মাহমুদ খান
হেড অব নিউজ: ইমাম হোসেন ( রনি)

অফিস :

হাউস #১৪, রোড #১৩, সেক্টর #১০, উত্তরা, ঢাকা–১২৩০, বাংলাদেশ।

Design & Development BY Nadim Technology