ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বিএনপির মির্জা ফয়সল

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বিএনপির মির্জা ফয়সল

আপলোড সময় : ২৯-১০-২০২৬ ১১:৩১:২৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৬ ১১:৩১:২৫ পূর্বাহ্ন
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নিরঙ্কুশ জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এই প্রত্যাশার কথা জানান।
ভোট দেওয়ার পর জয়ের ব্যাপারে জানতে চাওয়া হলে মির্জা ফয়সল আমীন দৃঢ়তার সাথে বলেন, ‘তিনবার বললাম, শতভাগ। প্রত্যাশা তো অবশ্যই জয়। আমরা নিরঙ্কুশ জয় লাভ করব, ইনশাআল্লাহ।’
ভোটের সার্বিক পরিবেশ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, বাসা থেকে সরাসরি কেন্দ্রে আসার কারণে এই মুহূর্তে পুরো আসনের পরিস্থিতি নিয়ে মন্তব্য করা সমীচীন হবে না। তবে নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং কোনো ধরনের শঙ্কা দেখছেন না বলে উল্লেখ করেন তিনি। আবহাওয়া কিছুটা খারাপ এবং বৃষ্টির সম্ভাবনা থাকলেও উপনির্বাচনে ভোটারদের উপস্থিতি ব্যাপক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই প্রার্থী।
আসনের ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১১৫টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করার বিষয়ে জানতে চাইলে মির্জা ফয়সল বলেন, ‘এ প্রশ্নের উত্তর প্রশাসনই দিতে পারবে। আমার কাছে এলাকার সব ভোটারই সমান এবং সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিতে চান। প্রশাসন কোনো কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ মনে করলে সে অনুযায়ী ব্যবস্থা নেবে।’
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রের ৯৮৯টি ভোটকক্ষে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলছে।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মাঠপর্যায়ে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত রয়েছেন বিজিবির ২১ প্লাটুন সদস্য, ২ হাজার ২৭২ জন পুলিশ সদস্য এবং ২ হাজার ৪০৫ জন আনসার সদস্য। এছাড়া নির্বাচনী আচরণবিধি ও অনিয়ম তদারকিতে কাজ করছেন বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। চারজন বিদেশি পর্যবেক্ষকসহ মোট ১৭৭ জন দেশি ও স্থানীয় পর্যবেক্ষক এই উপনির্বাচন পর্যবেক্ষণ করছেন।

সম্পাদকীয় :

চেয়ারম্যান: মোঃ শাহাদাত হোসাইন
ম্যানেজিং ডিরেক্টর: নাদিম মাহমুদ খান
হেড অব নিউজ: ইমাম হোসেন ( রনি)

অফিস :

হাউস #১৪, রোড #১৩, সেক্টর #১০, উত্তরা, ঢাকা–১২৩০, বাংলাদেশ।

Design & Development BY Nadim Technology